২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র হতে মাঝখানে মাত্র ১দিন বাকি। শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির সেই জমকালো আয়োজনে কোন দল কাকে পাবে—এ নিয়ে ফুটবল দুনিয়ায় তোলপাড়। ঠিক তার আগ মুহূর্তেই বিশ্বকাপ আলোচনায় আরও আগুন জ্বালিয়ে দিল ফুটবল পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টা।
এদিকে অপ্টার সুপারকম্পিউটার সব দলের সাম্প্রতিক ফর্ম, পারফরম্যান্স, ইতিহাস এবং পরিসংখ্যান বিশ্লেষণ করে নির্ধারণ করেছে। ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কোন দেশের বেশি।
ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ১৭ শতাংশ সম্ভাবনা নিয়ে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত বছর ইউরো জয়সহ টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পেনকে তালিকার শীর্ষে তুলে দিয়েছে।
দ্বিতীয় স্থানে ১৪.১ শতাংশ সম্ভাবনা নিয়ে ফ্রান্স। এমবাপ্পে, দেম্বেলেসহ শক্তিশালী স্কোয়াড নিয়েই নামছে তারা।
তৃতীয় স্থানে ১১.৮ শতাংশ সম্ভাবনা নিয়ে ইংল্যান্ড, যারা বাছাইপর্বে আট ম্যাচেই জয় এবং কোনো গোল না খাওয়ার রেকর্ড করেছে।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে চতুর্থ স্থানে। সুপারকম্পিউটারের হিসাবে মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৮.৭ শতাংশ। তবে বিশেষজ্ঞদের মতে, মেসি থাকলে সব পরিসংখ্যানই পাল্টে যেতে পারে।
৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে বেশ পিছিয়ে। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ৫.৬ শতাংশ, অবস্থান তালিকার সাত নম্বরে। অন্যদিকে ৬.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে ছয়ে রয়েছে রোনাল্ডোর পর্তুগাল।
শীর্ষ ১০ সম্ভাবনাময় দেশ
১. স্পেন – ১৭%
২. ফ্রান্স – ১৪.১%
৩. ইংল্যান্ড – ১১.৮%
৪. আর্জেন্টিনা – ৮.৭%
৫. জার্মানি – ৭.১%
৬. পর্তুগাল – ৬.৬%
৭. ব্রাজিল – ৫.৬%
৮. নেদারল্যান্ডস
৯. নরওয়ে
১০. কলম্বিয়া
অপ্টার প্রতিবেদনে আরও জানানো হয়, ৩টি দেশ, জডান, কুরাসাও ও হাইতি এর শিরোপা জয়ের সম্ভাবনা শূন্য শতাংশ।
অন্যদিকে বিশ্বকাপ শুরু হতে এখনও মাস কয়েক বাকি। ড্র হয়ে গেলে এবং দলগুলো পূর্ণ স্কোয়াড ঘোষণা করলে সম্ভাবনার হিসাব বদলে যেতে পারে। তবে আপাতত সুপারকম্পিউটারের চোখে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট স্পেন।
এসি
