ডিসেম্বরের শুরুতেই দেশে হঠাৎ তাপমাত্রা কমতে শুরু করেছে। সন্ধ্যার পর দ্রুত নামছে তাপমাত্রা, ভোর পর্যন্ত বজায় থাকছে কনকনে ঠান্ডা। এমন পরিস্থিতিতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। ঘন কুয়াশাসহ বাড়বে শীতের দাপটও।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর ও শ্রীমঙ্গল অঞ্চলে আগামী কয়েকদিন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ ও খাগড়াছড়ি এলাকায় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে—যা স্বাভাবিকের চেয়ে কম।
বাকি জেলাগুলোতে রাতের তাপমাত্রা সাধারণত ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রাজধানী ঢাকাতেও শীতের প্রভাব বাড়ছে। পূর্বাভাস বলছে, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে। দিনের বেলা কিছুটা উষ্ণতা থাকলেও রাতের শেষ ভাগে শীত অনুভূত হবে বেশি।
ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর বলেছে, হঠাৎ তাপমাত্রা কমলে ফ্লু, সর্দি–কাশি, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকি বেশি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন—
উষ্ণ পোশাক ব্যবহার
গরম পানি ও গরম খাবার গ্রহণ
প্রয়োজন ছাড়া ভোর বা গভীর রাতে বাইরে না যাওয়া
শীতের শুরুতেই তাপমাত্রার এই দ্রুত পতন নিয়ে সতর্ক থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।
এ
