মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকার বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনার সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করে জানায়, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী কোনো ধরনের বৈষম্য ছাড়াই এসব নাগরিক ও স্থাপনা রক্ষা করতে হবে।
বিবৃতিতে রাখাইন রাজ্যের সব জনগোষ্ঠী—রোহিঙ্গা ও রাখাইনসহ—সহিংসতার বাইরে রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়েছে।
এসি
