দুই দিনের ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। খুচরা পর্যায়ে কেজিতে দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজারে কার্যকর নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালী, মিরপুর ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। দুই দিন আগেও দাম ছিল ১১৫ থেকে ১২০ টাকা। এক সপ্তাহে কেজিপ্রতি দাম বেড়েছে ৪০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন এলাকাগুলো থেকে পেঁয়াজ সরবরাহ কমে গেছে। আমদানি না–হওয়ার খবর ছড়িয়ে পড়ায় কৃষক ও মজুতদাররা ধীরগতিতে পেঁয়াজ ছাড়ছেন। এছাড়া প্রতিবছর এ সময় বাজারে ‘মুড়িকাটা’ পেঁয়াজ এলেও এবার তা এখনও বাজারে আসেনি, ফলে দাম আরও চড়েছে।
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাবনার হাটে দুই দিনে প্রতিমণে দাম বেড়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।
পেঁয়াজ কিনতে আসা ক্রেতা হাসিবুল ইসলাম বলেন, “কয়েক দিন আগেই ১১০ টাকা কেজিতে কিনেছি। এখন ১৫০ টাকা চাইছে। বাজারে সরকারের তদারকি না থাকায় এমন পরিস্থিতি হচ্ছে।”
টিসিবির হিসাবে, গত বছরের তুলনায় বর্তমান দাম এখনও ১০ শতাংশ কম থাকলেও বাজারে বেড়ে যাওয়া চাপ কমছে না।
এসি
