আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ চালু করার ঘোষণা দিয়েছে সরকার।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে ‘ফ্যাসিস্ট টেরোরিস্টদের’ দমনে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে এই অভিযান শুরু করা হচ্ছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদারকিতে একটি কমিটি গঠন করা হয়েছে।’
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও পুনর্ব্যক্ত করেন তিনি।’
তিনি আরও বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। নির্বাচন বানচালের যেকোনো উদ্যোগ সরকার কঠোর হাতে দমন করবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের দেওয়া হতো। এখন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যেও যারা লাইসেন্স চাইবেন, তাদের আবেদন বিবেচনা করা হবে।
এসি
