দেশে উৎপাদিত চিনি গুদামে পর্যাপ্ত মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৮৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না। চিনিকল আধুনিকায়ন, উন্নত আখের জাত উদ্ভাবন, আধুনিক চাষপদ্ধতি, পণ্যের বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।’
তিনি বলেন, ‘কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, যা চিনি, স্পিরিট, ভিনেগার, জৈব সারসহ নানাবিধ পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে।’
বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি রেজাউল হক কেরুর উৎপাদন বৃদ্ধি ও প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান।
চলতি ২০২৫–২৬ মাড়াই মৌসুমে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে শ্রেষ্ঠ আখচাষিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রশিদুল হাসান, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানসহ আখ চাষি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
এসি
