নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। বিষয়টিকে কেন্দ্র করে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য গণমাধ্যমটিকে চিঠি দেওয়া হবে।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, ‘চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়েছে ইসি। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য।
তিনি আরও জানান, সাধারণ ছুটি থাকবে ভোটের দিন। ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী।
এসি
