আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, ‘এবারের নির্বাচন এমন হবে, যা বিদেশি পর্যবেক্ষকরাও স্মরণে রাখবে। তারা বারবার বলবে—এমন নির্বাচন তারা আগে কখনো দেখেনি।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারীদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়। এটি একটি ঐতিহাসিক নির্বাচন। পুলিশকে সেই অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। ধাত্রীর মতো দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে হবে।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘দেশের ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাদের দৈবচয়ন পদ্ধতিতে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের পক্ষপাতিত্ব না হয়। নিজ উদ্যোগে দায়িত্ব দিলে অনেক সময় অজান্তেই পক্ষপাত প্রবেশ করতে পারে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এদিকে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত দিকগুলো পর্যবেক্ষণ করছেন, যাতে নির্বাচনে পুলিশদের দায়িত্ব সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালন হয়। এ বিষয়ে তিনি পুলিশকে সতর্ক করে বলেন, ‘শহীদদের স্বপ্ন ও দেশের জনগণের প্রত্যাশা পূরণে তাদের দায়িত্ব গুরুত্বপূর্ণ।’
এসি
