আর্থিকভাবে অস্বচ্ছল এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল। সোমবার (১১ নভেম্বর) ভর্তি ও পরীক্ষার ফরম ফিলাপের টাকার অভাবে বিপাকে পড়া (২০২২-২৩ শিক্ষাবর্ষের) এক শিক্ষার্থীকে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।
পারিবারিক অস্বচ্ছলতার কারণে শিক্ষার্থীটি ভর্তি ও ফরম ফিলাপ করতে না পারলে ছাত্রদল ঢাকা কলেজ শাখার আহ্বায়ক সদস্য মাসুদ রহমান জীবন ও আলাউদ্দিনের মাধ্যমে বিষয়টি মিজানুর রহমান দয়ালের কাছে পৌঁছায়। শিক্ষার্থীর সমস্যার কথা জানার পর দয়াল তাৎক্ষণিকভাবে ভর্তি ও ফরম ফিলাপের সম্পূর্ণ টাকা প্রদান করেন।
ওই শিক্ষার্থী বলেন, “আমার পারিবারিক অস্বচ্ছলতার কথা জানালে মাসুদ ভাই ও আলাউদ্দিন ভাই দ্রুত মিজান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সহায়তায় আমি সময়মতো ফরম ফিলাপ করতে পেরেছি। এমন কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
মিজানুর রহমান দয়াল বলেন, “আজই ওই শিক্ষার্থীর ফরম ফিলাপের শেষ দিন ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এটি আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নীতি ও আদর্শের অংশ।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছি। এসব সহায়তা নিয়ে প্রচার না করাই আমাদের নীতি, তবে আজকের ঘটনাটি মানবিক দৃষ্টিকোণ থেকে শেয়ার করছি। ছাত্রদের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।”
