দেশজুড়ে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাবও তীব্র হচ্ছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বুধবার (১০ ডিসেম্বর) থেকে দেশে মৌসুমের প্রথম মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা ছড়াতে শুরু করবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বঙ্গোপসাগর থেকে গরম ও আর্দ্র বাতাস উত্তর–পূর্ব দিকে এবং উত্তর-পশ্চিম ভারতের দিক থেকে ঠাণ্ডা বাতাস দক্ষিণ–পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই দুই ধরনের বাতাসের সংঘর্ষে দেশে কুয়াশার ঘনত্ব বাড়বে।
তার পূর্বাভাস অনুযায়ী, বুধবার প্রথমে রাজশাহী ও রংপুর বিভাগে কুয়াশা প্রবেশ করবে। এরপর ধীরে ধীরে তা দেশের উত্তর–পূর্বাঞ্চলে বিস্তার লাভ করবে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকাসহ খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও ঘন কুয়াশা ছড়িয়ে পড়তে পারে। সপ্তাহের শেষ নাগাদ বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কুয়াশার বিস্তার বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আবহাওয়াবিদ পলাশ জানান, তাপমাত্রা খুব বেশি না কমলেও আর্দ্রতা ও ঠাণ্ডা বাতাসের মিলনে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে।
এসি
