আবেদনের প্রেক্ষিতে ‘হুক্কা’ প্রতীকের পরিবর্তে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) ‘চশমা’ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদের আদেশক্রমে এই প্রজ্ঞাপন দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালের ২২ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। সে সময় দলের প্রতীক হিসেবে ‘হুক্কা’ দেওয়া হয়। দলটির আবেদনের প্রেক্ষিতে ‘হুক্কা’ প্রতীকের পরিবর্তে ‘চশমা’ প্রতীক নির্ধারণ করা হয়েছে।
২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন লাভ করে জাগপা। এক যুগ পর ২০২১ সালের ২৮ জানুয়ারি দলের নিবন্ধন বাতিল করে ইসি। তবে ২০২৫ সালের ১৯ মার্চ হাইকোর্ট বিভাগ ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন।
আদালতের সেই রায়ের পরিপ্রেক্ষিতে গত ২ নভেম্বর জাগপাকে রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়।
এসি
