ভারত থেকে চাল আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউজে কৃষি সংশ্লিষ্ট এক বৈঠকে তিনি বলেন, ভারত ও কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় আমদানিকৃত চাল ও সারের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য কয়েকশ’ কোটি ডলারের ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন। এ সময় তিনি অভিযোগ করেন, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা কৃষিপণ্য যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। তার দাবি, কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে শুল্ককে ‘আক্রমণাত্মকভাবে’ ব্যবহার করতে প্রস্তুত প্রশাসন।
ট্রাম্প জানান, কৃষকদের জন্য ঘোষিত ১২ বিলিয়ন ডলারের সহায়তা আসবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের কাছ থেকে সংগৃহীত শুল্ক রাজস্ব থেকে। তার মতে, বহু দেশ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সুবিধা নিয়েছে, যা আর চলতে দেওয়া হবে না।
বৈঠকে লুইজিয়ানার এক উৎপাদক অভিযোগ করেন, ভারতীয় চাল যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। পরে ট্রাম্পকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হওয়া শীর্ষ দুটি চাল ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানাধীন। জবাবে ট্রাম্প বলেন, “আমরা বিষয়টি দেখছি। শুল্ক আরোপ করলেই দুই মিনিটে সমাধান হয়ে যাবে।”
তিনি আরও জানান, ভারতের ডাম্পিং ‘চলতে দেওয়া হবে না’। একই সঙ্গে কানাডা থেকে সার আমদানির ওপরও কঠোর শুল্ক আরোপের ইঙ্গিত দেন তিনি, যাতে দেশীয় উৎপাদন আরও শক্তিশালী করা যায়।
গত এক দশকে ভারত–যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্য বাড়লেও ভর্তুকি, বাজার প্রবেশাধিকার ও ডব্লিউটিও–সংক্রান্ত অভিযোগ দুই দেশের আলোচনায় নিয়মিত চাপ সৃষ্টি করছে।
উল্লখ্যে, ভারতীয় পণ্যের ওপর এর আগে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে আলোচনার ভিত্তিতে সেই শুল্ক কমতে পারে বলে গণমাধ্যমে খবর পাওয়া যায়। তবে নতুন করে আবারও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।
এসি
