ব্রাজিলের সিরি আ লিগে সান্তোসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুম শেষ করলেন নেইমার। ক্রুজেইরোর বিপক্ষে ৩–০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। টানা তিন ম্যাচে দলকে জয় এনে অবনমন–সংকট থেকে সান্তোসকে উদ্ধার করলেও ম্যাচ শেষে চমকে দিলেন বড় ঘোষণা—হাঁটুর অস্ত্রোপচারে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটে ভুগছেন নেইমার। শেষ কয়েক ম্যাচ খেলেছেন তীব্র ব্যথা নিয়েই। মৌসুমের শেষ ম্যাচের আগে সান্তোসের হয়ে ১৫০ ম্যাচ পূর্ণ করায় তাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মারক গ্রহণ করেন তিনি। এরপর মাঠে নেমে প্লেমেকারের ভূমিকায় দলকে দাপুটে জয় এনে দেন।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘গত কয়েক সপ্তাহ ছিল অত্যন্ত কঠিন। যারা আমাকে মোটিভেট করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের সহায়তা ছাড়া হয়তো মাঠে ফিরতে পারতাম না। এখন বিশ্রাম প্রয়োজন, তারপর হাঁটুর অস্ত্রোপচার করাব।’
এখনও জানা যায়নি তার চোটের ধরন বা কী ধরনের সার্জারি হবে। তবে বিশ্বকাপের মাত্র ছয় মাস আগে অপারেশন করতে হওয়ায় নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। দীর্ঘদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন—নেইমার শতভাগ ফিট না হলে দলে নেওয়া হবে না।
হাঁটুর অস্ত্রোপচার, পুনর্বাসন এবং মাঠে ফেরার সময়সূচি—সবকিছুই এখন বড় অনিশ্চয়তায়। ফুটবল দুনিয়ার চোখ তাই নেইমারের আসন্ন চিকিৎসা প্রক্রিয়া ও তার ভবিষ্যৎ নিয়ে।
এসি
