রাজধানীর আগারগাঁওয়ে অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে লাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিলে শিশুমেলা–আগারগাঁওমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক মাসুদ রানা।
তিনি জানান, শিশুমেলা–আগারগাঁওগামী সড়ক বন্ধ থাকায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। অন্য পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলতে দেখা যায়। জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকর করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়েছিল।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার পান্থপথ এলাকায় দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন বিভিন্ন শপিংমলের মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে অনিবন্ধিত, চুরি হওয়া কিংবা অনুমোদনবিহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। নতুন এ ব্যবস্থার বাস্তবায়নের আগেই জোরালো আন্দোলনে নামলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
এসি
