রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় আসার পর ইতোমধ্যে খালেদা জিয়ার সাম্প্রতিক সব পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। পরে খালেদা জিয়ার সাম্প্রতিক সব পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেছেন এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানাতে দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে।
কুমিল্লা থেকে আসা বিএনপি কর্মী মাহিদুল ইসলাম বলেন, “নেত্রীর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই চলে এসেছি। আমরা দোয়া করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”
গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি কিছুদিন বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। প্রায় চার মাস পর তিনি দেশে ফেরেন গত ৬ মে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
এসি
