ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সরকার।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সবার সহযোগিতায় দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে সরকার কাজ করছে। এতদিন সরকারি কর্মচারীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো, এখন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরাও আবেদন করলে অস্ত্রের লাইসেন্স পাবেন। কারও অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা থাকলে তা ফেরত দেওয়া হবে।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এসি
