রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ১২ দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
তিনি জানান, শুক্রবার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ আরও ১৪ জন কাতারের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবে।
এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে বলা হয়ে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য দেশটির আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে রওয়ানা হবে।
উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।
এসি
