উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
এস এম রাগীব সামাদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানভিত্তিক এয়ারলাইনস এফএআই এভিয়েশন গ্রুপের। এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত ৯টায় ঢাকা ত্যাগ করতে পারবে।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন লন্ডনে যেতে পারবেন কি না, সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র জানায়, শনিবার এফএআই এভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল, তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং বুধবার (১০ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল।
অন্যদিকে ২ সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুরুতে বিএনপি জানিয়েছিল, খালেদা জিয়াকে শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে লন্ডনে নেওয়া হবে। পরে ওইদিন সকালে নতুন তারিখ দেওয়া হয় ৭ ডিসেম্বর। পরে ওইদিন রাতে আবার জানানো হয়, সম্ভাব্য যাত্রার তারিখ পিছিয়ে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এসি
