ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ড্র সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া রেকর্ড ৪৮ দলের এই বিশ্বকাপে থাকবে ১২টি গ্রুপ। প্রতিটি গ্রুপ থেকে দুই শীর্ষ দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে, সঙ্গে সেরা আট তৃতীয়-স্থান পাওয়া দল যোগ হয়ে গড়ে উঠবে ৩২ দলের নকআউট পর্ব।
ড্র–এ তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জে–তে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা জর্ডান। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে গ্রুপ সি–তে—মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে।
সবচেয়ে সহজ গ্রুপগুলোর একটি হিসেবে বিবেচিত গ্রুপ ই–তে জার্মানির প্রতিপক্ষ কিউরাসাও (প্রথমবার), ইকুয়েডর ও আইভরি কোস্ট। সবচেয়ে কঠিন গ্রুপ হিসেবে আলোচনায় আছে গ্রুপ এল—ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
বিশেষ আগ্রহ তৈরি করেছে গ্রুপ আই, যেখানে আবারও মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও সেনেগাল—২০০২ সালের মতোই। এই গ্রুপে রয়েছে নরওয়েও, যা ভক্তদের জন্য এনে দিচ্ছে প্রত্যাশিত এমবাপ্পে–হালান্ড দ্বৈরথের সম্ভাবনা।
স্পেন পড়েছে গ্রুপ এইচে—কেপ ভার্দে (প্রথমবার), উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে। পর্তুগাল গ্রুপ কে–তে খেলবে উজবেকিস্তান (প্রথমবার), কলম্বিয়া ও একটি প্লে-অফ বিজয়ী দলের বিপক্ষে।
এবারই প্রথম বিশ্বকাপে দেখা যাবে কেপ ভার্দে, কিউরাসাও, জর্ডান ও উজবেকিস্তানকে—৪৮ দলের বিস্তৃত এই টুর্নামেন্টে তাদের অভিষেক ফুটবলবিশ্বে নতুন মাত্রা যোগ করেছে।
২০২৬ বিশ্বকাপের গ্রুপসমূহ
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরো প্লে-অফ ডি বিজয়ী
গ্রুপ বি : কানাডা, ইউরো প্লে-অফ এ বিজয়ী, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরো প্লে-অফ সি বিজয়ী
গ্রুপ ই : জার্মানি, কিউরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, ইউরো প্লে-অফ বি বিজয়ী, তিউনিসিয়া
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে-অফ ২ বিজয়ী, নরওয়ে
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, ফিফা প্লে-অফ ১ বিজয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
সূত্র : বিবিসি
এসি
