গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংবেদনশীল বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড। আপাতত নতুন কোনো অস্ত্রোপচার বা চিকিৎসা হস্তক্ষেপ না করে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালানো হচ্ছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠক শেষে হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা বৈঠকে রোগীর সার্বিক অবস্থা, স্নায়বিক আঘাত এবং চলমান চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করা হয়।
চিকিৎসকরা জানান, ওসমান হাদির অবস্থা বর্তমানে ‘স্ট্যাটিক’, অর্থাৎ বড় কোনো পরিবর্তন হয়নি। তবে গুরুতর মস্তিষ্কের আঘাতের কারণে তার অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে এবং যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
এ কারণে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়েছে এবং সব ধরনের গুরুত্বপূর্ণ শারীরিক সূচক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা।
এসি
