আগামী ২ মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেকোনো ধরনের মব ভায়োলেন্সকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা জাতিকে বিক্ষুব্ধ করেছে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সরকার দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে এবং আহত প্রার্থীর সুচিকিৎসা নিশ্চিত করবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘যেকোনো ধরনের মব ভায়োলেন্স গ্রহণযোগ্য নয় এবং কোনো হঠকারিতাও কাম্য নয়।’
স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী দুই মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের প্রধান দায়িত্ব।’ প্রয়োজনে বিশেষ নিরাপত্তা সেল গঠনের কথাও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন—এটি দল, বেগম খালেদা জিয়া ও জাতির জন্য একটি বিশেষ দিন। তাঁর প্রত্যাবর্তন যেন নিরাপদ হয়, সে প্রত্যাশাও জানান তিনি।’
এসি
