তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে তিনি কলকাতায় পা রাখেন। মেসির এই সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’।
প্রায় ১৪ বছর পর ভারতে আসায় মেসিকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তাকে একনজর দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য সমর্থক। এই সফরে মেসির সঙ্গে রয়েছেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল।
সফরের অংশ হিসেবে কলকাতার লেক টাউনে উন্মোচন করা হবে মেসির ৭০ ফুট উচ্চতার একটি ভাস্কর্য। আয়োজকদের দাবি, এটি কোনো ফুটবলারের সবচেয়ে উঁচু প্রতিকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এর আগে একই স্থানে দিয়েগো ম্যারাডোনার প্রতিকৃতি উন্মোচন করা হয়েছিল।
কলকাতায় বিভিন্ন আয়োজন ও শাহরুখ খান ও সৌরভ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাতের পর মেসি হায়দ্রাবাদে যাবেন। এরপর মুম্বাইয়ে সেলিব্রেটি ফুটবল ম্যাচ ও চ্যারিটি ফ্যাশন শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে শচিন টেন্ডুলকারের সঙ্গে প্যাডেল কাপে খেলার সম্ভাবনার কথাও জানা গেছে।
সফরের শেষ পর্যায়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মেসির। আগামী ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ভারত সফর শেষ করে দেশ ছাড়বেন এই আর্জেন্টাইন তারকা।
এসি
