রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মিলন হোসেন (৩৯) এবং মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)।
ডিবি সূত্র জানায়, সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ধোলাইপাড়ের টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে। পরে বিকাল ৪টা ২৫ মিনিটে ডিবির দল সেখানে পৌঁছালে মোটরসাইকেলযোগে থাকা দুজন পালাতে চাইলে তাদের আটক করা হয়। তল্লাশিতে তাদের কোমরের পেছনে লুকানো দুইটি বিদেশি পিস্তল উদ্ধার এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।
সূত্র : ডিএমপি নিউজ
এসি
