পাকিস্তানের সেনাবাহিনীর টানা দুদিনের হামলায় আফগানিস্তানে অন্তত ২৩ জন তালেবান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য নিউজ।
রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে এ সংঘর্ষ ঘটে।
বিশ্বস্ত সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে আফগান তালেবান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর ছোট অস্ত্রে গুলি চালায়। পরে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। শুরুতে হালকা অস্ত্র ব্যবহারের পর পরিস্থিতি উত্তপ্ত হলে প্রায় ৪৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সেনারা রকেট লঞ্চার ও কামানসহ ভারী অস্ত্র ব্যবহার করে; এতে তালেবানদের কমপক্ষে তিনটি সীমান্ত চৌকি ধ্বংস হয়ে যায় বলে সূত্রের দাবি। বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও তাদের বক্তব্য।
প্রথম দফার গোলাগুলির পর তালেবান যোদ্ধারা জনবহুল এলাকায় অবস্থান নিয়ে সেখান থেকেও গুলি চালায় বলে পাকিস্তানি সূত্র জানায়। এরপর সেই এলাকাতেও পাকিস্তান সেনাবাহিনী পাল্টা ভারী অস্ত্র ব্যবহার করে।
এ ঘটনায় বেসামরিক হতাহতের তথ্য পাওয়া যায়নি। আফগান তালেবানের পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
এসি
