ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে থিম করে তৈরি নতুন সিরিজের ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রচলনে আসবে নোটটি।
বাংলাদেশ ব্যাংক জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন নোটটি প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে; পরে পর্যায়ক্রমে অন্যান্য শাখায় সরবরাহ করা হবে।
১৫২ মি.মি. × ৬৫ মি.মি. আকারের নতুন নোটের সম্মুখভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন। ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে শাপলার নকশা। সবুজ রঙকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা নোটটিতে যুক্ত করা হয়েছে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য।
এসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রঙ–পরিবর্তনশীল কালি, লাল পেঁচানো নিরাপত্তা সুতা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শযোগ্য চিহ্ন, ইন্টাগ্লিও কালি, মাইক্রোপ্রিন্ট, ইউভি–নির্দিষ্ট নকশা ও see-through ইমেজ।
নতুন নোট প্রচলনের পরও বর্তমানে ব্যবহৃত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা চলবে। সংগ্রাহকদের জন্য বিশেষ ‘স্পেসিমেন’ নোট বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।
এসি
